কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকার মনু নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। এই ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সূত্রে জানা গেছে, বিকেলে মুজিবুর রহমান নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীর তীরে যান। সে সময় তিনি ভারত সীমান্তের তারবেড়া এলাকার কাছাকাছি পৌঁছালে ওপারে ওত পেতে থাকা বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, ঘটনার পর থেকে নিহতের মরদেহ মনু নদীর চরেই পড়েছিল। পরে বিএসএফ সদস্যরা মরদেহটি তাদের হেফাজতে নিয়ে গেছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, “বিকেলে মনু নদীর তীর সংলগ্ন এলাকায় মুজিবুর রহমানকে বিএসএফ গুলি করে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবক নিহতের খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
এআইএল/সকালবেলা
|