তালতলীর ইউএনও জাহিদুল ইসলামকে প্রত্যাহার

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
তালতলীর ইউএনও জাহিদুল ইসলামকে প্রত্যাহার

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাঠ প্রশাসন-১ শাখার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরসান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বর্তমানে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। জনস্বার্থে তাঁকে ইউএনও পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে আকস্মিক প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

প্রশাসনিক সূত্র জানায়, ২০২৫ সালের শেষভাগে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের সময় মোহাম্মদ জাহিদুল ইসলাম বরগুনার তালতলীর ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এখানে তিনি প্রায় সাত মাস অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তালতলী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলিকৃত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম আগামী দু-একদিনের মধ্যেই নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বিদায় নেবেন এবং নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ইউএনও পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন