কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বাকশীমুল এলাকার কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর গ্যাং লিডার মো. ছাব্বির (২৬)-কে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় দীর্ঘদিন ধরে আদালতের ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক ছাব্বির ওই এলাকার আবদুল মজিদের ছেলে।
বুড়িচং থানা পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের একটি স্পর্শকাতর মামলায় ছাব্বির ৭ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন। মামলা হওয়ার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ সকালে তিনি গোপনে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাকশীমুল মধ্যপাড়ায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং স্থানীয় কিশোর গ্যাং চক্রের মূল হোতা ছাব্বিরকে আজ সকালে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরের পরই আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
ওসি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “উপজেলায় কিশোর গ্যাং কালচার, মাদক ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে বুড়িচং থানা পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা
|