ফেসবুকের সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা
অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে মেটার আওতাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। হঠাৎ করেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা লগইন, লগআউট এবং ফিড লোডিং সংক্রান্ত জটিলতায় পড়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আউটেজ ট্র্যাকিং সাইট ‘ফাস্টডাউন’ বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৮টার দিকে জানায়, শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। এছাড়া ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন আউটেজ মনিটরিং ওয়েবসাইটেও এই বিভ্রাটের সত্যতা উঠে এসেছে। ব্যবহারকারীদের একাংশ জানিয়েছেন, তারা কোনোভাবেই অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না; আবার অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় লাগা এবং হোম ফিড আপডেট না হওয়ার অভিযোগ করেছেন।
ফেসবুক ডাউন হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। ঠিক কী কারণে কারিগরি এই বিপর্যয় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে আকস্মিক এই সাময়িক বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে তীব্র বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।
|