বাজারমূল্যের সঙ্গে মৌজা রেট সমন্বয়ে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেটকে বাস্তব বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী মৌজাভিত্তিক জরিপ পরিচালনা করে নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অনেক এলাকায় বর্তমানে মৌজা রেট ও প্রকৃত বাজারদরের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ফলে জমি নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার একটি কমিটি গঠন করেছে, যা নতুন মূল্য নির্ধারণের কাজ এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, কৃষিজমি ও অন্যান্য শ্রেণির জমির জন্য পৃথক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় মৌজা রেট পুনর্নির্ধারণ করা হলে সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
অর্থমন্ত্রীর মতে, মৌজা রেট বাজারমূল্যের কাছাকাছি নিয়ে আসা গেলে জমি ও ফ্ল্যাট লেনদেনে কালো টাকা সাদা করার সুযোগ অনেকটাই কমে যাবে। একই সঙ্গে কর ব্যবস্থার কার্যকারিতা বাড়বে এবং রাজস্ব আহরণ আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|