টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেফতারকৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ (৭৬) টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি। তিনি উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আলতু শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মাহফুজুর রহমান বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নাম উল্লেখ করে টুঙ্গিপাড়া থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় জাহাঙ্গীর শেখ ৬ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “নিলফা বয়রা এলাকার মারামারির মামলার সুনির্দিষ্ট এজাহারনামীয় আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় থেকে জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন