সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: সুন্দরবন রক্ষায় সকল পক্ষকে কোনো ধরনের পক্ষপাত ছাড়া দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, “ঘূর্ণিঝড়সহ নানান প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দীর্ঘকাল ধরে প্রাকৃতিক ঢাল হয়ে সুরক্ষায় রেখেছে সুন্দরবন। অথচ দুঃখজনকভাবে এই বনাঞ্চলের ক্ষতি করছে এ অঞ্চলেরই এক শ্রেণির অসাধু মানুষ।”
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ব্রাইটার্স’, ‘পশুর রিভার ওয়াটারকিপার’, ‘সচেতন ফাউন্ডেশন’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জীবিকা ও জলবায়ু সংকটের নীতি নির্ধারণ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীজনরা এতে অংশ নেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার সম্পূর্ণ পরিবেশবান্ধব উন্নয়নে বিশ্বাসী। সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় ৮ হাজার ২৭১টি জেলে পরিবারের জন্য সরকার ৬৬আই মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, পরিবেশ দূষণ কমাতে দেশের কোনো ইটভাটায় কাঠ পোড়াতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে নতুন করে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করে সৌর ও বায়ুশক্তিচালিত বিদ্যুতে জোর দেওয়া হবে। ঢাকার সড়ক থেকে ২০-২৫ বছরের পুরোনো যানবাহনও উঠিয়ে নেওয়া হবে।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে বন বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস; ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একে টিকিয়ে রাখা সবার দায়িত্ব।”
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। এতে বিশেষ অতিথি হিসেবে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
পরবর্তীতে দুপুরের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম রব্বানী। বিশেষ অধিবেশনে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মো. কোনটা রেজাউল করিম চৌধুরী ও গবেষক রফিকুল ইসলাম মন্টুসহ উপকূলীয় প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
|