দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন তারেক

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন তারেক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন শেখ তারেক নামে এক কর্মী। 

গত শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে ব্যতিক্রমী উপায়ে দুধ দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের এই ঘোষণা দেন। শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দল ত্যাগের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে শেখ তারেক সংবাদমাধ্যমকে বলেন, “দীর্ঘ প্রায় দেড় দশক ধরে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত ছিলাম। যখন দল চরম দুর্দিন পার করছিল, তখনো আমি মাঠ ছাড়িনি। কিন্তু এখন দলের সুদিন আসায় দলে নানা ধরনের সুযোগসন্ধানী ও অনুপ্রবেশকারীর ভিড় বেড়েছে। দলে এখন নবাগতদের মূল্যায়ন বেশি, যার কারণে আমার মতো পুরনো কর্মীরা চরম অবহেলার শিকার হচ্ছেন।”

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলের কাছে আমার ত্যাগ ও গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। তাই জুমার দিনে পবিত্র হয়ে দুধ দিয়ে গোসল করে দল থেকে নিজেকে চিরতরে মুক্ত করলাম। আজ থেকে জামায়াতে ইসলামীর কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”

এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতৃত্বের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন