হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৪৮

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৪৮
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হামে পাঁচজন শিশু মারা গেছে। একই সময়ে ৬৩ জন নতুন রোগী নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪৮ জনে পৌঁছেছে।

এছাড়া এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

মন্তব্য করুন