নেত্রকোনায় ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
নেত্রকোনায় ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের দায়ের করা একটি নিয়মিত মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে ওই মামলায় স্থানীয় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ও মাজহারুল ইসলাম এবং যুবলীগ কর্মী শাহজাহান খান, আতাউর রহমান ও হযরত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১২ জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি রায়হানের নেতৃত্বে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় প্রশাসনের মাঝে তোলপাড় শুরু হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনটির প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অংশ নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ ৬ জনকে আটক করে। আজ দুপুরে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হওয়ার পর তাঁদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, “ঝটিকা মিছিলের মূল উসকানিদাতা ও মামলার এজাহারনামীয় বাকি আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন