মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ ধাক্কায় ছিটকে পড়ে মাহিম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজারহাট সড়কের আট মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একই বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্কুল বন্ধ থাকায় বাবার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হয় মাহিম। বেলা সাড়ে ১০টার দিকে সে মোটরসাইকেল চালিয়ে মনিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে আট মাইল এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নূরনবী জানান, ধাক্কাটি এতই শক্তিশালী ছিল যে চালকসহ মোটরসাইকেলটি শূন্যে প্রায় ১৫ থেকে ২০ হাত ওপরে উঠে পুনরায় সড়কের ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় দে গভীর শোক প্রকাশ করে সংবাদমাধ্যমকে বলেন, “নিহত মাহিম আমাদের দশম শ্রেণির অত্যন্ত প্রাণবন্ত একজন ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকার সুযোগে সে বাবার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হয়েছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো বিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।”

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহতের খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্বজনরা আবেদন করেছেন। এই ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন