শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এ সময় তিনি শহীদের পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর এই অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।’ এ সময় স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে একদিনের সফরে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী। দিনভর পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা এবং ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে বিকেলে পেকুয়ায় পৌঁছান তিনি। উল্লেখ্য, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে মো. ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে আত্মত্যাগ করেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য অধ্যায়।
|