পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) একটি বড় ধরনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১৩ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়ন (নওগাঁ) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ওই ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই দলে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
বিজিবি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা একটি বড় নৌকায় করে ওই ব্যক্তিদের নদীপথে বাংলাদেশের সীমানার দিকে পাঠানোর চেষ্টা করে। নৌকাটি আন্তর্জাতিক সীমানার শূন্যরেখা (জিরো লাইন) অতিক্রম করার চেষ্টা করলেই সেখানে টহলরত বিজিবি সদস্যরা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং তীব্র বাধা প্রদান করেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফের পুশইনের এই অবৈধ চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।
পরবর্তীতে গভীর রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক সীমান্ত যোগাযোগের পর, রাত পৌনে ৩টার দিকে ভারতের বিএসএফ ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জন নাগরিককে নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে।”
এআইএল/সকালবেলা
|