বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মিছিল

বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মিছিল

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলেঙ্গা পৌরসভার সর্বস্তরের সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৪টার দিকে এলেঙ্গা পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সাবেক কাউন্সিলর দারোগ আলী মেম্বারসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই আখতারুজ্জামান বাবুলের ছত্রছায়ায় সাইদুর রহমান রাকিব গংরা পরিকল্পিতভাবে বিএনপি নেতা আনোয়ার ফকির, আলামিন হোসেন, সাউথ আফ্রিকা প্রবাসী হাফিজুর রহমান, শিক্ষক শরিফুল ইসলামসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়েছে।

সমাবেশ থেকে বক্তারা চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করা না হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে থানা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দেন উপস্থিত জনতা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক এমএ বাতেন, সদস্য সচিব এডভোকেট আজগর আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মুসা মোল্লা, শ্রমিক নেতা উজ্জ্বল সরকার এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন