বড়াইবাড়ি দিবস: সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার

বড়াইবাড়ি দিবস: সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সেই বীরত্বগাথাকে স্মরণ করে বিএসএফ-এর আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ গ্রীন পার্টি। 

শনিবার (১৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বিবৃতিতে বাংলাদেশ গ্রীন পার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান বলেন, "বড়াইবাড়ি আমাদের শিখিয়েছে যে, সংখ্যায় কম হলেও অটল দেশপ্রেম নিয়ে দাঁড়ালে যেকোনো আধিপত্যবাদকে পরাস্ত করা সম্ভব। এই ভূখণ্ড আমাদের কাছে পবিত্র আমানত এবং এর রক্ষা করা আমাদের ইমানি ও রাজনৈতিক দায়িত্ব।" তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালের এই দিনে তৎকালীন বিডিআর জওয়ানদের সঙ্গে সাধারণ কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই প্রমাণ করে যে, জনগণই সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিদওয়ান হাসান স্পষ্ট করে বলেন, সম্পর্কের ভিত্তি হতে হবে সম্মান ও ন্যায্যতার। প্রতিবেশীসুলভ আচরণের অর্থ দাসত্ব নয়। বিএসএফ-এর তৎকালীন নগ্ন অনুপ্রবেশের দাঁতভাঙা জবাবের কথা স্মরণ করে তিনি ঘোষণা করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সীমান্তে কোনো আধিপত্যবাদী শক্তির অযাচিত খবরদারি সহ্য করা হবে না।

দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, "বড়াইবাড়ি দিবসের চেতনা হলো দেশের চাবি দেশের হাতে রাখার চেতনা।" তিনি শহীদ ওহিদুজ্জামান, মাহফুজার রহমান এবং আব্দুল কাদেরের আত্মত্যাগকে জাতীয় আত্মমর্যাদার মিনার হিসেবে অভিহিত করেন। তিনি আরও যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং বড়াইবাড়ির স্পিরিট একই সুতোয় গাঁথা—যা হলো ইনসাফ ও নিজেদের অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানো।

বিবৃতিতে নেতৃদ্বয় বড়াইবাড়ির বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সীমান্তে বাংলাদেশিদের রক্ত ঝরা বন্ধে জাতীয় ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন