কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ

কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, "মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রয়োজনে পাড়ায় পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তাঁরা মাদকের জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলু। বক্তারা কোটালীপাড়া থেকে মাদক নির্মূলে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন