ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের পৃথক চারটি উপজেলায় কালবৈশাখী ঝড় ও আকস্মিক বজ্রপাতে পাঁচজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দিরাই, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান ও রহমত উল্লাহ, জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন, তাহিরপুর উপজেলার আবুল কালাম এবং দিরাই উপজেলার লিটন মিয়া। নিহত হাবিবুর রহমান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন; তিনি পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজে সহায়তা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিহতরা হাওরে ধান কাটা কিংবা হাঁস পাহারা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। খোলা হাওরে অবস্থানকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই তাঁরা বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাটিয়ান হাওর, টগার হাওর ও কালিয়াগোটার হাওরসহ বিভিন্ন স্থানে বজ্রপাতের খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় হাওরে অবস্থান না করার জন্য কৃষকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
একই দিনে হাওরাঞ্চলের চার উপজেলায় ৫ জনের প্রাণহানির ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বোরো ধান কাটার এই মৌসুমে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় হাওরের কৃষক সমাজের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা হাওরাঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ