ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম বলেছেন, "সংসদীয় গণতন্ত্রকে প্রাণবন্ত রাখতে সরকারি ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিরোধী দলকে কাজ করার মতো পর্যাপ্ত সুযোগ বা স্পেস দিতে হবে, যাতে তাঁরা জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারেন।"
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার সরকারি দলের প্রতি বিরোধী দলকে একমোডেট করার আহ্বান জানানোর পাশাপাশি বিরোধী দলের প্রতিও বিশেষ বার্তা দেন। তিনি বলেন, "কারণে-অকারণে সংসদ থেকে ওয়াক আউট করা কাম্য নয়। বিশেষ করে যারা অতীতে স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, দেশের স্বার্থে তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।"
এর আগে বরিশাল চেম্বার অব কমার্সের আলোচনা সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সমস্যার কথা তুলে ধরা হয়। চেম্বার নেতারা অভিযোগ করেন যে, বর্তমানে ব্যবসায়ীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। স্পিকার ধৈর্য সহকারে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ