ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে আক্রান্ত আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সীমান্তঘেঁষা গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত আমিনা বেগম ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মইনুল হকের স্ত্রী। স্বজনরা জানান, প্রায় ২৩ দিন আগে সীমান্ত এলাকায় মাঠে ছাগল চরাতে গেলে একটি হিংস্র শেয়াল তাঁর ওপর আক্রমণ করে। শেয়ালটি তাঁর নাক ও মুখে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছিল।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, হাসপাতালে দুই ডোজ টিকা দেওয়ার পর তাঁরা বাজার থেকে আরও দুটি টিকা কিনে এনে স্থানীয়ভাবে প্রয়োগ করেন। কিন্তু ক্ষত শুকায়নি। ঘটনার ১৭ দিন পর আমিনা বেগম পুনরায় অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে লালা পড়া এবং বমি হওয়ার মতো জলাতঙ্কের উপসর্গ দেখা দিলে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় ভুট্টার আবাদ বেড়ে যাওয়ায় শেয়ালের উপদ্রব ও হিংস্রতা কয়েক গুণ বেড়েছে। গত তিন সপ্তাহে শেয়ালের কামড়ে ওই এলাকায় আরও দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। আক্রমণকারী শেয়ালটি 'পাগল' হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যা পরদিন গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে। বর্তমানে মাঠে গরু-ছাগল চরাতে গিয়ে লাঠি হাতে পাহারা দিতে হচ্ছে বলে জানান কৃষকরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ