ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম গনি মিয়া (১৯)। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর (ধলাভাঙা) গ্রামের বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ৩ এপ্রিল চুনারুঘাট উপজেলার একটি নির্জন বাগানে ওই কিশোরীকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় এক আসামি পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে মুখ না খুলতে চাপ দেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। র্যাব-৯ এর একটি দল ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে গনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ