কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, "শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে দায়িত্বসহকারে পাঠদান করলে শিক্ষার মানোন্নয়ন হতে বাধ্য। শিক্ষার মান বাড়লে প্রতিষ্ঠানেরও শ্রী বৃদ্ধি পাবে।" 

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আগামী ৫ বছরে কিশোরগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নান্দনিক মডেলে রূপান্তর করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার দলবাজি সহ্য করা হবে না এবং আমরা তা প্রশ্রয়ও দিব না।"

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো সহযোগিতা না করলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জকে শিক্ষার মডেলে পরিণত করার ঘোষণা দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, অধ্যক্ষ মুকুল হোসেন এবং অধ্যক্ষ আব্দুল জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন