বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: ডাচ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়া সত্ত্বেও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় অস্বাভাবিক দীর্ঘসূত্রতা এবং ক্রমবর্ধমান হারে ভিসা আবেদন প্রত্যাখ্যানের ঘটনা নিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের কাছে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ঐতিহাসিক 'দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি'র (টিএসি) ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়টি সরাসরি তুলে ধরেন তিনি।
বৈঠকে দুই দেশের শীর্ষ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নানাদিক পর্যালোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ করে সার্কুলার অর্থনীতি (রিসাইক্লিং ও টেকসই অর্থনীতি), বৈধ অভিবাসন এবং বাংলাদেশের ঐতিহাসিক ব-দ্বীপ (ডেল্টা) উন্নয়নে উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
আলাপচারিতায় উচ্চশিক্ষার ক্ষেত্রটি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, প্রতি বছরই বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী নেদারল্যান্ডসের নামিদামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তির সুযোগ পান। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতা, দীর্ঘ সময় অপেক্ষা ও আবেদন নাকচ হওয়ার কারণে তাদের শিক্ষাজীবন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এ সংক্রান্ত জটিলতার দ্রুত ও ইতিবাচক সমাধানকল্পে ডাচ সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এর পাশাপাশি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের ‘অ্যাপোস্টিল’ (Apostille) নথিপত্র যাচাইকরণ সংক্রান্ত বাড়তি আইনি কাঠামোর বিষয়টি উত্থাপন করেন এবং বাংলাদেশি ডকুমেন্টের ক্ষেত্রে এসব ব্যবস্থা সহজ করার অনুরোধ জানান।
বাংলাদেশের পক্ষ থেকে তোলা এসব উদ্বেগের জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন। ডাচ সরকার ভিসা ও অ্যাপোস্টিল সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সামগ্রিক প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন তিনি।