পরশুরাম সীমান্তে ৭ ভারতীয়কে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
পরশুরাম সীমান্তে ৭ ভারতীয়কে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্ত

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজন ব্যক্তি—যাদের মধ্যে ছয়জন নারী এবং একজন ছেলেশিশু রয়েছে—তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেন এবং অনুপ্রবেশে তীব্র বাধা দেন। বিজিবির সুদৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, পুশইনের শিকার হতে যাওয়া ওই সাতজনই ভারতীয় নাগরিক। ঘটনা চলাকালীন কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা সফলভাবে প্রতিহত করেন।

তিনি আরও বলেন, “অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

মন্তব্য করুন