পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
অনলাইন ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা কেলেঙ্কারির অভিযোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার এক সংক্ষিপ্ত বার্তায় ধর্মেন্দ্র প্রধান নিজেই সংবাদমাধ্যমকে জানান, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।"
উল্লেখ্য, নিট (NEET) সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেই ভারতে বিরোধীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন। বিশেষ করে আন্দোলনকারী সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) রাজধানী দিল্লির যন্তর-মন্তরসহ দেশজুড়ে রাজপথে অবস্থান নিয়ে শনিবার দুপুরের মধ্যে শিক্ষামন্ত্রীর অপসারণ বা পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল।
শিক্ষার্থীদের একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনে বসেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং রাজপথে নেমে এসেছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও। চারিদিক থেকে আসা চরম রাজনৈতিক চাপ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হলেন কেন্দ্রীয় এই মন্ত্রী।
|