টাকা দিলে খাবেন, কিন্তু ভোট বিক্রি করবেন না: গজারিয়ায় যুবদল নেতা

টাকা দিলে খাবেন, কিন্তু ভোট বিক্রি করবেন না: গজারিয়ায় যুবদল নেতা

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের কোনো ধরনের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নাজির সিকদার স্পষ্ট ভাষায় বলেন, “ধানের শীষের নাম ব্যবহার করে যদি কেউ ভোট কেনার উদ্দেশ্যে জনগণকে টাকা দেয়, তাহলে আমি জনগণের প্রতি অনুরোধ জানাব—তারা যেন ধানের শীষে ভোট না দিয়ে ফুটবল, দাঁড়িপাল্লা কিংবা অন্য যেকোনো প্রতীকে ভোট দেন।”

বিপরীত প্রতীকের ক্ষেত্রেও একই অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “যদি ফুটবল প্রতীকের পক্ষ থেকে কেউ ভোটারদের টাকা দেয়, তবে আপনারা সেই টাকার বিনিময়ে ভোট দেবেন না; বরং ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

ভোটারদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে এই যুবদল নেতা বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই—টাকা দিলে টাকা খেতে পারেন, কিন্তু ভোট বিক্রি করবেন না। ভোটাধিকার জনগণের সবচেয়ে বড় শক্তি, সেটি বিবেক দিয়ে প্রয়োগ করা উচিত।”

সংবাদ সম্মেলনে নাজির সিকদার ভোটারদের যেকোনো ধরনের প্রলোভন ও চাপ উপেক্ষা করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি মনে করেন, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হওয়া সম্ভব।

মন্তব্য করুন