ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় নির্বাচনী বিরোধের জেরে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে মধ্যরাতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগী ওই সমর্থক জানান, রাতে তারাবির নামাজ শেষে তিনি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। খাওয়া প্রায় শেষ পর্যায়ে থাকাকালীন শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে এসে তাকে উচ্চস্বরে ডাকতে থাকে। তিনি ভয়ে ঘর থেকে বের না হলে তার বৃদ্ধ বাবা ও চাচা বাইরে যান। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে হামলাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে ওই যুবককে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং এলোপাতাড়ি মারধর করে শারীরিকভাবে জখম করে। ভুক্তভোগীর দাবি, তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের একনিষ্ঠ সমর্থক হওয়ায় প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে। হামলাকারীরা স্থানীয়ভাবে ভিপি নুরুল হক নূরের সমর্থক হিসেবে পরিচিত বলে তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।
হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ