“বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, আগামীতেও থাকবে”-এম নাসের রহমান

“বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে, আগামীতেও থাকবে”-এম নাসের রহমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এম নাসের রহমান বলেছেন, “ধানের শীষ ছাড়া আপনাদের দেখভাল করার কেউ নাই। বিএনপি ছাড়া আপনাদের পাশে আর কে আছে?” মঙ্গলবার ও বুধবার মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুই সভাতেই হিন্দু নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে এম নাসের রহমান হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ আপনাদের কাঁধে বসে মধু খেয়েছে, কিন্তু দল হিসেবে আপনারা কিছুই পাননি। আমার পরিকল্পনা আছে বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু ভোটারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে রিজার্ভ সিটের বিষয়টি নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করব।” তিনি আরও বলেন, “২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভোটের যে প্রহসন চলেছে, সেই দিন শেষ। এবার ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।”

সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের জন্য বিশেষ সুবিধার আশ্বাস দিয়ে নাসের রহমান বলেন, “তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু ধর্মের পুরোহিত ও খ্রিস্টান ধর্মের পাদ্রিদের জন্য মাসিক ভাতা এবং উৎসব বোনাসের ব্যবস্থা করা হবে। এছাড়া দুর্গাপূজায় পুরোহিতদের জন্য সরকারি গ্রেডের মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনার প্রশংসা করেন এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ড কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে সহ বিএনপি ও সনাতন ধর্মীয় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন