সবুজায়নের বার্তা নিয়ে ময়মনসিংহে এমপি আবু ওয়াহাবের বৃক্ষরোপণ

সবুজায়নের বার্তা নিয়ে ময়মনসিংহে এমপি আবু ওয়াহাবের বৃক্ষরোপণ

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় ময়মনসিংহ নগরীতে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও ছায়া প্রদানকারী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর মাসকান্দা এলাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

এ সময় এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধান তারেক রহমান সারা বাংলাদেশকে সবুজ বনায়নে আচ্ছাদিত করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি।”

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার এবং নিজ নিজ আঙ্গিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. অনুপম ভট্টাচার্য, শিক্ষক ডা. আতিকুল হক, ডা. সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন