উল্লাপাড়ায় ঘোলের দুধে ফরমালিন: দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়ায় ঘোলের দুধে ফরমালিন: দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো. আব্দুল মালেক ও মো. আব্দুল খালেককে অস্বাস্থ্যকর পরিবেশ এবং দুধে ভেজাল ও কেমিক্যাল মেশানোর অপরাধে এই জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ভয়াবহ ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ল্যাব পরীক্ষায় দুধে পানি মেশানোর পরিমাণ পাওয়া গেছে ৪৩-৫০% এবং ফ্যাটের পরিমাণ ছিল মাত্র ৯.৭%। একই সাথে কারখানাগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি এবং বোতলের গায়ে উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ মিলেছে।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। অভিযানে প্রায় ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, সলপের ঘোল সিরাজগঞ্জের একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। পবিত্র রমজান মাসে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে এই অপকর্ম করছিল। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন