ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জব্দকৃত কোটি কোটি টাকার সম্পদ এখন অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দীর্ঘ দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে শতাধিক মোটরসাইকেলসহ ট্রাক ও মাইক্রোবাসের মতো ভারী যানবাহন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মাদক দ্রব্য পাচার ও অপরাধমূলক কাজে ব্যবহৃত যানবাহনসহ আসামিদের আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে যানবাহনের বর্ণনা থাকায় আসামীরা জামিনে মুক্ত হলেও আইনি জটিলতা বা আগ্রহের অভাবে তাদের ব্যবহৃত যানবাহনগুলো ছাড়িয়ে নেন না। ফলে বছরের পর বছর ধরে এগুলো থানার আঙিনায় পড়ে থেকে অকেজো হয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ঘোড়াঘাট থানায় জব্দকৃত মোটরসাইকেলের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এছাড়া রয়েছে ১২-১৪টি ভারী যানবাহন (ট্রাক ও কাভার্ড ভ্যান), ৪টি অটোরিকশা এবং ৩-৪টি মাইক্রোবাস। এসব যানবাহনের অনেকগুলোর টায়ার পচে গেছে, বডিতে ধরেছে মরিচা। সচেতন মহলের মতে, এসব যানবাহন আদালতের মাধ্যমে দ্রুত নিলামের ব্যবস্থা করলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব পেত।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশের সোর্স বা ‘খোচর’ পরিচয়ধারী কিছু ব্যক্তি মাদক ব্যবসায়ীদের সাথে গোপন আঁতাত করে ব্যবসায় উৎসাহিত করছে। এর ফলে মাদক নির্মূল হওয়া তো দূরের কথা, যুবসমাজ ক্রমান্বয়ে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের প্রভাবে সমাজে খুনাখুনি, পারিবারিক কলহ এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধি আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, জব্দকৃত মালামাল আদালতের নির্দেশের অপেক্ষায় থাকে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিজস্ব ব্যবস্থাপনায় রাখা হয়। তবে মামলার দীর্ঘসূত্রতার কারণেই মূলত এসব সম্পদ নষ্ট হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ