ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

আদেশ দেওয়ার পর লতিফ সিদ্দিকী বিচারকের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। গত ৬ মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল, আজকে এই আদেশ দিলেন।" তিনি আরও যোগ করেন, "অব্যাহতি পেলেও আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।" এর উত্তরে বিচারক বলেন, "সেটা আপনার ইচ্ছে।"

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধি আইনের ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আসামি বয়স্ক, সাবেক মন্ত্রী এবং নানা রোগে আক্রান্ত হওয়ায় আদালত এই প্রার্থনা মঞ্জুর করেন। তবে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৪ জুলাই।

গত বছরের ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামক একটি সংগঠনের গোলটেবিল বৈঠক চলাকালীন হট্টগোল ও অবরুদ্ধ করার ঘটনায় এই মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও ষড়যন্ত্রের লিপ্ত ছিলেন। ওই ঘটনায় পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে গত ৬ নভেম্বর লতিফ সিদ্দিকী হাইকোর্ট থেকে জামিন পান।

মন্তব্য করুন