ঘুষের ভিডিও ভাইরাল: গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা বদলি
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী): সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমকে ঝিনাইদহ জেলা নির্বাচন কার্যালয়ে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি বাহরাইনপ্রবাসী ও উজানচরের বাসিন্দা রাসেল মোল্লার কাছ থেকে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেন ওই কর্মকর্তা। ভুক্তভোগী প্রবাসী মস্তিস্কের টিউমারে আক্রান্ত হওয়া সত্ত্বেও আকুতি জানিয়ে কাজ পাননি; পরে বাধ্য হয়ে চুক্তি অনুযায়ী ২ হাজার টাকা হস্তান্তরের দৃশ্য কৌশলে মুঠোফোনে ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই কার্যালয়ে দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন কাজের জন্য ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হতো।
বিষয়টি নজরে আসার পর রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দীন অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। খবিরুল আলমের জবাব প্রতিবেদন আকারে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হলে তাকে ঝিনাইদহে স্থলাভিষিক্ত/বদলি করার নির্দেশ আসে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দীন জানান, প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা