ডোমারে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ডোমারে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভোজ্যতেল মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এই অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এসব অনিয়মের মাধ্যমে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে র‍্যাব-১৩ সিপিসি-২, সেনাবাহিনী এবং আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।

অভিযান শেষে ইউএনও শায়লা সাঈদ তন্বী গণমাধ্যমকে জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। যারা কৃত্রিম সংকট তৈরি করতে পণ্য মজুত রাখবে বা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে পরিচালিত প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত এমন তদারকি থাকলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন