ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামুনকোলা এলাকায় পরিচালিত এই অভিযানে ৮ লিটার পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনকোলা এলাকার সোনাইর ছেলে শামীম (২৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে পেট্রোল সংগ্রহ করে উচ্চমূল্যে বিক্রি করে আসছিলেন। তিনি মোটরসাইকেলের ট্যাংকের মাধ্যমে তেল বহন করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করতেন এবং নিজ বাড়ির পেছনে গোপনে কেনাবেচা চালাতেন।
অভিযানকালে শামীমের বাড়ির গোয়ালঘর থেকে দুটি জার্কিনে রাখা ৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামীম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে নাঈম হোসেন নামে এক ভুক্তভোগী ক্রেতা জানান, তিনি ৩০০ টাকা লিটার দরে তেল কেনার জন্য শামীমকে ৫০০ টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু অভিযানের সময় শামীম পালিয়ে যাওয়ায় তিনি এখন টাকা ও তেল কোনোটিই পাননি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পেট্রোল ৯৬০ টাকায় নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “কিছু অসাধু ব্যক্তি গ্রামাঞ্চলে কৃত্রিম সংকট তৈরি করে তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রি করছে। জনস্বার্থে তেল মজুতদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ