গাড়ি থামিয়ে রিকশাচালককে বুকে টানলেন এমপি সাত্তার

গাড়ি থামিয়ে রিকশাচালককে বুকে টানলেন এমপি সাত্তার

মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: রাজধানীর ব্যস্ত সড়কে এক অনন্য মানবিক দৃশ্যের অবতারণা করলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আবদুস সাত্তার। নিজের এলাকার এক সাধারণ রিকশাচালককে চিনতে পেরে প্রটোকল ভেঙে গাড়ি থামিয়ে তাকে জড়িয়ে ধরলেন এই জনপ্রতিনিধি।

হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা আনোয়ারুল হক জীবিকার তাগিদে বর্তমানে ঢাকায় রিকশা চালান। সংসদ সদস্য মাওলানা আবদুস সাত্তার নিজ গাড়িতে করে গন্তব্যে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় রিকশা চালাতে থাকা আনোয়ারুলকে দেখতে পান। দীর্ঘদিনের পরিচিত মুখটি চিনতে পেরে তিনি তৎক্ষণাৎ চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থামিয়ে এমপি নিজেই নেমে আসেন এবং রিকশাচালক আনোয়ারুল হকের কাছে গিয়ে তাকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন। এসময় উভয়ের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাওলানা আবদুস সাত্তার তার কুশলাদি বিনিময় করেন এবং পরিবারের খোঁজখবর নেন। ব্যস্ত ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতে কতটা কষ্ট হচ্ছে—সে বিষয়েও অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন তিনি।

একজন সংসদ সদস্যের এমন সাধারণ ও নিরহংকারী আচরণ দেখে পথচারী ও স্থানীয়রা মুগ্ধ হন। ঘটনার পর এমপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনেকে মন্তব্য করেছেন, নেতা ও জনগণের মধ্যে এমন আত্মিক সম্পর্কই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন সংসদ সদস্য হয়েও নিজ এলাকার মেহনতি মানুষের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। আনোয়ারুল হক নিজেও তার প্রিয় নেতার এমন আকস্মিক সান্নিধ্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন