সাতক্ষীরায় ১ মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১ মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ
শ্যামনগরের হরিনাগাড়ী গ্রামে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দিচ্ছেন মো. দেলোয়ার হোসেন (ফাইল ছবি)

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এলাকাবাসীর উপস্থিতিতে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সব ধরনের পদ ও রাজনীতি ত্যাগের ঘোষণা দেন।

এ সময় মো. দেলোয়ার হোসেন বলেন, “সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণ প্রত্যাহার করে নিচ্ছি।”

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক জানান, দেলোয়ার হোসেন তাঁর ওয়ার্ড কমিটিতে ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক ছিলেন কি না, তা দলীয় রেকর্ড দেখে নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন