প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস মেং-এর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস মেং-এর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য (ডেমোক্রেটিক পার্টি) গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে এই শুভেচ্ছা জানান।

নিউ ইয়র্কের কুইনস এলাকার প্রতিনিধি গ্রেস মেং তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ওপর তাঁর নির্বাচনী এলাকার অসংখ্য বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রজুড়ে থাকা প্রবাসীরা গভীর নজর রেখেছিলেন। তিনি বলেন, “প্রবাসীরা বাংলাদেশে গণতন্ত্রের সুসংহত রূপ, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করেন।”

গ্রেস মেং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তাঁর নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন কংগ্রেসের এই অভিনন্দন বার্তা বর্তমান সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকে আরও ত্বরান্বিত করবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন