গাজীপুরে গ্যাসের চাপ বৃদ্ধিতে শিল্পে স্বস্তি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর গাজীপুরের শ্রীপুরসহ মাওনা শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটেছে। বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ বাড়ার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং কমে আসায় টেক্সটাইল, স্পিনিং ও গার্মেন্ট কারখানাগুলোতে উৎপাদনে গতি ফিরতে শুরু করেছে।
তিতাস গ্যাসের গাজীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সংকটকালে সরবরাহ কমে ২৬০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল। তবে সম্প্রতি সরবরাহ বাড়িয়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হয়েছে। ফলে আগের তীব্র সংকট কাটিয়ে কারখানাগুলো পুনরায় সচল হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন গ্যাসের স্বল্পচাপের কারণে ব্যাকআপ জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছিল এবং সময়মতো পণ্য সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। গত ১৪ সেপ্টেম্বর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেওয়ার পর সরবরাহে গতি আসে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের জন্য অবশিষ্ট ১০০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি দ্রুত মেটানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকরা।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টসসহ বিভিন্ন গ্রিড ও বিপণনকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। তিতাস গ্যাসের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব জানান, শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে।
এআইএল/সকালবেলা