বেতাগীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
মোঃ সোহেল রানা (বরগুনা): বরগুনার বেতাগীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বেতাগী উপজেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ সোহরাব হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্নাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও নির্বিচারে মানুষ হত্যার ঘটনা স্বাধীন দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, অতীতের এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে তা কার্যকর ভূমিকা রাখবে।
এআইএল/সকালবেলা