আগৈলঝাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সাঈদ পান্থ (বরিশাল): সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সেরাল গ্রামে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার পর আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা