‘আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শ্রদ্ধা জানানো শহীদদের সাথে মশকরা’: সারজিস আলম

‘আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শ্রদ্ধা জানানো শহীদদের সাথে মশকরা’: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের বার্ষিকীতে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে ‘শহীদদের সাথে মশকরা’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাজনীতির তীব্র সমালোচনা করেন।

সারজিস আলম তাঁর পোস্টে ২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে দাবি করেন, বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, "বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশি-বিদেশি এজেন্টরা মিলে নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে। অপরাধী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সুযোগ-সুবিধা ও জামিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি এই সমঝোতা করেছে।"

পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে আওয়ামী লীগকে দায়ী করে সারজিস লেখেন, "যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।" তিনি এই পদক্ষেপের জন্য সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানান।

আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ভার বিএনপি নিয়েছে উল্লেখ করে এই এনসিপি নেতা হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে যদি বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বা জুলাই অভ্যুত্থানের কোনো সহযোদ্ধা আবারও আওয়ামী লীগের হাতে নির্যাতিত বা খুনের শিকার হন, তবে তার দায়ভার তারেক রহমান ও বিএনপিকে নিতে হবে। তিনি মন্তব্য করেন, বিগত ১৬ বছর ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বের একাংশ আওয়ামী লীগের সাথে ‘নেগোসিয়েশন’ করে চলেছে বলেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বছরের পর বছর জেল-জুলুম খেটেছেন।

সারজিস আলম আরও বলেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে ১৭ বছর নির্বাসনে রেখেছিল এবং বেগম জিয়াকে জেলখানায় বিষাক্ত করে তুলেছিল, সেই দলটির সাথে বিএনপির বর্তমান সখ্যতা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন