গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো: তাহেরপুত্র বিপ্লব
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে এক ব্যক্তিকে নির্দেশনা দিয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, “গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।”
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের এ কল রেকর্ডটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসে। কণ্ঠটি বিপ্লবের মতো শোনা গেলেও এটি তাঁর প্রকৃত কথোপকথন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি, তা নিশ্চিত হওয়া যায়নি।
আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। পাশাপাশি তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই। ছড়িয়ে পড়া অডিওটিতে মামুন নামে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই নির্দেশনা দেওয়া হয়েছে।
রেকর্ডিংয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, “আর কোনো সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পড়ি হাঁটিয়াম। যখন দেখিয়াম ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে টোগাই পাওয়া যায় না। ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম, ৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।”
অডিওটির পরের অংশে শোনা যায়, “দাড়ুম-দুড়ুম বাড়িঘর জ্বালাই দিব, কিন্তু কোনো কোরআন শরিফ ঘরে আছে কি না, জায়নামাজ টুপি এগুলো বাহির করতে হইবো। কোন বউ বাচ্চা বুড়া বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডারদের বাহির করি দাম-দুড়ুম ধরি গোটা দশেক ধরি হেগুনরে মাইরতে হইবো। ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস এরমধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইবো, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমতুল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দুরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।”
এ বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব দাবি করেছেন, রেকর্ডিংটি তাঁর নজরে এসেছে এবং এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তাঁর পরিবারের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন এবং তাঁকে আইনের আওতায় আনতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।
উল্লেখ্য, ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত ওই হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০১১ সালের ৪ এপ্রিল বিপ্লব আদালতে আত্মসমর্পণ করলে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর সাজা মওকুফ করেন। পরের বছর কামাল ও মহসিন নামের আরও দুটি হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয় এবং রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তাঁর নাম প্রত্যাহার করা হয়। পরে ২০১৪ সালে কারাগারে থেকেই বিয়ে করে আলোচনায় আসেন বিপ্লব এবং ২০১৮ সালের ৯ অক্টোবর কারামুক্ত হন।
এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তাঁর দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন।
এআইএল/সকালবেলা