কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ সোমবার

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ সোমবার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের-১৬৪ (কিশোরগঞ্জ-৩) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। পূরণকৃত ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ঠিকানায়।

এর আগে সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করলে গত ২৫ নভেম্বর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১০ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এআইএল/সকালবেলা