পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, থানায় মামলা

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, থানায় মামলা

ফেনী প্রতিনিধি: পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালালচক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর সীমান্ত এলাকায় তাঁদের আটক করা হলেও পুলিশি যাচাইয়ে বৈধভাবে ভারতে প্রবেশের প্রমাণ মিলেছে। এ ঘটনায় ভারতের এক দালালকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের একজন।

পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। ওই হিসাবের সূত্র ধরে দেশে থাকা চক্রটির সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (২৮ নভেম্বর) পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি বলেন, ভারতে একটি চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাঁদের পাসপোর্ট ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হলেও তাঁর বিস্তারিত পরিচয় দিতে পারেননি ভুক্তভোগীরা। তবে তদন্তে ওই দালালের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে। এ সূত্র ধরে দেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

তিনি আরও জানান, আটক পাঁচ যুবক ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন এবং তদন্তের স্বার্থে আপাতত আসামিদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় ওই পাঁচ যুবক ও তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠলেও পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে গিয়েছিলেন এবং সেখানে দালালচক্রের প্রতারণার শিকার হন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে তাঁরা আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে একটি দালালচক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীর চন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।

পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। আতাহার হোসেন পাপরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। পাহারার সময় সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক পাঁচ যুবক হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) এবং কাশিনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক হলেন পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।

এআইএল/সকালবেলা