গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত মালামালসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে মালামালসহ একটি কাভার্ড ভ্যান ডাকাতির শিকার হয়। ঘটনার পরপরই গজারিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর গ্রামের দাদন মাতবরের ছেলে মো. জাকির হোসেন (৩১), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. খোরশেদ আলম (৪৫), ঢাকার লালবাগ থানার জগন্নাথ সাহা রোডের মতিউর হাওলাদারের ছেলে রাজু আহম্মেদ (৪০) এবং ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকার মৃত হেমায়েতের ছেলে মো. নুর জামাল (২৯)।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল, এসআই হাদিউজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি করতেন। ঢাকা থেকে তাঁদের আটকের পাশাপাশি লুণ্ঠিত কাভার্ড ভ্যান, ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, চারটি লেজার লাইট ও দুটি লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় ডাকাতি মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা