বোচাগঞ্জে প্রতারণার দায়ে দুই নারীর কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
বোচাগঞ্জে প্রতারণার দায়ে দুই নারীর কারাদণ্ড

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীর সঙ্গে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা করার অপরাধে হাসিনা বেগম ও শাপলা বেগম নামে দুই নারী পেশাদার অপরাধীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর পানবাজার গ্রামের মৃত হাকিস উদ্দিন পোদ্দারের মেয়ে এবং শাপলা বেগম একই গ্রামের শাহ আলমের মেয়ে।

মোবাইল কোর্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে সেতাবগঞ্জ বাজারের ‘জুয়েল জুয়েলার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে ওই দুই নারী ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল বিক্রি করতে আসেন। এ সময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে দোকান মালিক জুয়েল তাদের কাছে স্বর্ণ ক্রয়ের আসল মেমো দেখতে চান এবং মেমো দেখিয়ে অলঙ্কার নিয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই নারী বোচাগঞ্জ থানায় গিয়ে উল্টো ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে তাদের স্বর্ণ আটকে রাখার মৌখিক অভিযোগ করেন।

দুই নারীর অভিযোগের খবর পেয়ে সেতাবগঞ্জ বাজারের বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে থানায় উপস্থিত হন। তারা পুলিশকে জানান, এর আগেও এই দুই নারী একই কায়দায় স্বর্ণ কেনার কথা বলে কৌশলে দেড় ভরি ওজনের একটি চেইন ও আংটি নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ব্যবসায়ীদের অনুরোধে পুলিশ প্রশাসন দুই নারীর বিষয়ে ব্যাপক খোঁজখবর নেওয়া শুরু করে। তদন্তে জানা যায়, এই দুই নারী মূলত আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং ইতিপূর্বে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতেও তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

অপরাধের সত্যতা মেলায় বোচাগঞ্জ থানা পুলিশ সন্ধ্যায় দুই নারীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে। সেখানে অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫০ ধারা মোতাবেক প্রতারণা ও চুরির উদ্যোগ নিয়ে অপরাধমূলক শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত দুই নারীকে আজ রাতেই দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন