পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত ও বিচার চান চরমোনাই পীর

পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত ও বিচার চান চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন দেশের রাজধানীতে এতজন সেনা কর্মকর্তার মৃত্যু এক বিরল ও শোকাবহ ঘটনা। এই নৃশংসতায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা জাতি কখনো ভুলবে না।

বিবৃতিতে চরমোনাই পীর অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে মূল কুশীলব কারা ছিল এবং কোন স্বার্থ হাসিলের জন্য এই বর্বরতা চালানো হয়েছে, তা আজও জাতির সামনে স্পষ্ট নয়। তিনি মনে করেন, প্রকৃত সত্য ধামাচাপা দিয়ে রাখায় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

মুফতি রেজাউল করীম পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এই বিবৃতিতে তিনি শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন