জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বিবাহিত নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির বিন সামাদের বিরুদ্ধে এক বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর প্রতিষ্ঠিত ‘তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা’র সাবেক এক অফিস সহকারীর সঙ্গে এমন আচরণের বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই নারী (ছদ্মনাম আসমা) জানান, তিনি ওই মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত থাকাকালীন কবির বিন সামাদ তাঁর সঙ্গে অনৈতিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। আসমা বলেন, “তিনি জানতেন আমি বিবাহিতা এবং আমার সন্তান আছে। তা সত্ত্বেও তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। এই বিষয়টি নিয়ে আমার সংসারে চরম অশান্তি ও বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে এখন আমি পরিস্থিতি সামলে উঠেছি।”
অভিযোগের বিষয়ে কবির বিন সামাদ বলেন, “আমি তাকে পছন্দ করতাম। আমার জানা ছিল সে তালাকপ্রাপ্ত, তাই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।” তবে ওই নারীর দাবি, কবির বিন সামাদ তাঁর বিবাহিত হওয়ার বিষয়টি স্পষ্টভাবেই জানতেন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম জানান, বিষয়টি প্রাথমিকভাবে তাঁদের বিবেচনায় ছিল। উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান বলেন, “এটি প্রাথমিক বাছাই পর্যায়। সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “জামায়াতের মতো একটি সুশৃঙ্খল দলে এমন অভিযুক্ত ব্যক্তিকে কেন প্রার্থী করা হচ্ছে তা বোধগম্য নয়। যিনি নিজের প্রতিষ্ঠানের নারী কর্মীর সম্মান রক্ষা করতে পারেন না, তিনি পুরো ইউনিয়নের দায়িত্ব কীভাবে নেবেন?” এলাকাবাসী তাঁর প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা