ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করছি সেই সততা ধরে রাখতে। আপনার ভোট একটি বড় আমানত। সেই ভোট আমাকে দেবেন, কারণ আমি আপনাদের চেনা লোক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা ভিক্ষা কিংবা দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। এজন্য প্রশিক্ষণ প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা শুধু এমএ-বিএ পাস করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। সে দিকেই তরুণদের মনোযোগী করতে হবে। সঠিক পথে গেলে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর আমরা এসব কথা বলতে পারিনি। আমাদের ওপর নির্যাতন হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন, সংগঠনের মাধ্যমেই আমরা উন্নয়নমূলক কাজ করতে চাই।
নির্বাচিত হলে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও তার জন্মস্থান। তার বাবা, তিনি নিজে এবং তার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তবে আগের সরকারের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি, ফলে কাজ করা যায়নি। সরকার পরিবর্তনের পর শহরের রাস্তার কাজ শুরু করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, অতীতেও আপনারা ভোট দিয়েছেন, এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বরং বাপ-দাদার জমিজমা বিক্রি করে রাজনীতি করি। যা ছিল তার অর্ধেকই শেষ। এটি আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ