আজ উত্তরাঞ্চলের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ

আজ উত্তরাঞ্চলের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ

উত্তরাঞ্চলের তিন জেলায় আজ শনিবার নির্বাচনী সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ দিন তিনি প্রথমে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় অংশ নেবেন। পরে নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের একাধিক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের উপস্থিতিতে সেগুলো বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন।

পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তাঁর মায়ের স্মৃতি জড়িয়ে আছে। স্থানীয়রা জানান, বিরামপুরে তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। দীর্ঘদিন এই এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে দাবি করে তারা মনে করছেন, তারেক রহমানের সফরের মাধ্যমে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা আজকের জনসভায় বিপুল উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন